Published : 25 May 2026, 05:16 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মর্মান্তিক ঘটনায় লেবুবাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুনীল সাঁওতাল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার রাধানগর কমিউনিটি ক্লিনিকের পেছনের জরিফ মিয়ার লেবুবাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুনীল রাধানগর বস্তির মৃত রবিয়া সাঁওতালের ছেলে এবং দুই কন্যাসন্তানের জনক। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্থানীয় সূত্র জানায়, সুনীল ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাগানে যান। সকাল সাড়ে নয়টা পর্যন্ত তিনি বাড়ি ফিরলে না হওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাগানের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে পড়া তার মরদেহ দেখতে পান তারা।
এরপর পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, পাহাড়ি শূকর এবং অন্যান্য বন্যপ্রাণীর উপদ্রব থেকে ফসল বাঁচাতে বাগানের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল এবং আর্থিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তবে, স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে কোনো সতর্কতা বা পূর্বঘোষণা জানানো হয়নি। এই বিদ্যুতায়িত ফাঁদের কারণেই একজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। লেবুবাগানটি স্থানীয় আলী আর্জুন নামের এক ব্যক্তি ইজারা নিয়ে করেছেন। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম (মুন্না) জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাধানগর এলাকার একটি লেবুবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে, ঘটনার বিস্তারিত তদন্তের পরেই সবকিছু নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
ঈদের বোনাসে ঢিলেমি: প্রায় ১৫০০ কারখানায় শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগ