Published : 06 Jun 2026, 08:12 PM
আগামী রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেছেন। বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হবে। এছাড়াও, সংসদ-সম্পর্কিত স্থায়ী কমিটির জ্বালানি সংক্রান্ত বিশেষ কমিটির প্রতিবেদনও সংসদে পেশ করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এটিই বিএনপি সরকারের প্রথম বাজেট।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার সর্বশেষ বাজেট উপস্থাপন করেছিল ২০০৬ সালে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে খবর, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে। এই বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করা, সৃজনশীল অর্থনীতির বিস্তার, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা জোরদার করা এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় অনুমান করছে, আগামী অর্থবছরের বাজেটের আকার ৯ লক্ষ কোটি টাকার বেশি হবে। একই সাথে করজাল সম্প্রসারণ, কর প্রশাসনের আধুনিকীকরণ এবং রাজস্ব বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়িক সংগঠনগুলো করের বোঝা বাড়ানো এড়িয়ে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণের দাবি জানিয়েছে।
অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং আগামী কয়েক বছরের অর্থনৈতিক নীতির দিকনির্দেশনাও দেবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের সংস্কার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অবকাঠামো উন্নয়ন—এই বিষয়গুলো বাজেটে প্রতিফলিত হওয়ার প্রত্যাশা রয়েছে। সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, বাজেট পেশের আগে বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্নোত্তর এবং সংসদীয় কার্যক্রম চলবে। বাজেট পেশের পর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে অর্থবিল ও বরাদ্দ বিল পাসের মাধ্যমে বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রায় দুই দশক পর বিএনপি সরকারের প্রথম বাজেট নিয়ে সংসদে ব্যাপক আলোচনা ও বিতর্কের সম্ভাবনা রয়েছে, বিশেষত যেহেতু বর্তমান জাতীয় সংসদে বিরোধী দলে জামায়াতে ইসলামী জোট রয়েছে, যারা এর আগে বিরোধী দলের ভূমিকা পালন করেনি। দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধিমুখী পথে ফেরানোর ক্ষেত্রে এই বাজেটটি সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।।
নওগাঁ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ; রাতের অন্ধকারে ১৭ জনকে ফিরিয়ে দিল বিএসএফ