Published : 07 Jun 2026, 02:11 AM
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুদের ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবি কঠোর নজরদারির কারণে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে এই সকল ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা এই পদক্ষেপ গ্রহণ করে। গতকাল শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার সময় সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলারের মাধ্যমে ১৭ জন অনুপ্রবেশের চেষ্টা চালায়। দেশটির সীমান্তরক্ষী বাহিনী দীর্ঘ ১৯ ঘণ্টা এই অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায়। ১৭ জনকে অনুপ্রবেশের চেষ্টা চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা কড়া অবস্থান নেয়।
ফলে দিনভর তারা শূন্যরেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। যদিও তাদের বাংলাদেশি বলে দাবি করা হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাতে না পারায় তাদের দেশে ফেরানো হয়। এই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং পাঁচজন শিশু ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টর চালক মাহবুব আলম জানান, বিজিবি সদস্যরা ওই ১৭ জনকে পাহারা দিচ্ছিল। রাত ১১টার দিকে যখন তিনি ট্রাক্টরে ধান লোড করছিলেন, তখনো বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত ছিল। এরপর বিএসএফ সদস্যরা তাদের টেনে-হিঁচড়ে ভারতে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়। মানবিক দিক বিবেচনা করে শুরুতে শূন্যরেখায় থাকতে দেওয়া হলেও সন্ধ্যার পরে তাদের নো-ম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের আলো নিভিয়ে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সকলকে ভারতে ফিরিয়ে নিয়ে যায়। সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল বর্তমানে আরও জোরদার রয়েছে।।