Published : 09 Jul 2026, 01:55 AM
চীনের সিচুয়ান প্রদেশের এক অবিশ্বাস্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাতে হাঁটু গেড়ে বসে হাতজোড় করে সাহায্যের জন্য আবেদন করছে এক মানবসদৃশ রোবট। এই রোবটটির বিদ্যুৎ প্রয়োজন, আর সেই বিদ্যুতের বিল মেটানোর জন্য সে অর্থ চাইছে। এই অর্থ সংগ্রহ করতেই রোবটটি পথে নেমেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, এই বুদ্ধিমান রোবটটি পথচারীদের দিকে ঝুঁকে বারবার মাথা নত করে ভিক্ষা করছে।
তার সামনে রাখা একটি ছোট থালায় কিছু মুদ্রা এবং পাশে একটি কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করে ডিজিটাল উপায়ে অর্থ প্রদানের সুযোগও দেওয়া হয়েছে। রোবটটির শরীরে থাকা এলইডি স্ক্রিন এবং লাউডস্পিকার থেকে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘চার্জ করার জন্য অর্থ নেই, দয়া করে বিদ্যুতের বিল দিতে সাহায্য করুন।’ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই রোবটটি চীনা রোবোটিকস সংস্থা ‘ইউনিট্রি’-র তৈরি ‘ইউনিট্রি জি১’ মডেল। পূর্বে ইউনিট্রি জি১ মডেলটি ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরিতে আরোহণ করেছিল। রোবট ভিক্ষুকের এই দৃশ্য নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
কেউ কেউ মজা করে বলছেন, ‘রোবটের কারণে মানুষের চাকরি তো চলে যাচ্ছে, এখন দেখছি রোবটরা ভিক্ষাবৃত্তির নতুন ক্ষেত্রও দখল করছে।’ আবার অনেকে প্রশ্ন তোলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি বিশ্ব শাসন করবে? তারা তো নিজেরাই এখন রিচার্জের জন্য ভিক্ষা করছে!’ তবে অনেকের মনে এই ঘটনা কোনো প্রতিষ্ঠানের অভিনব বিপণন কৌশল বা কোনো শিল্পীর পথপ্রদর্শনী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি প্রথম এমন ঘটনা নয়; হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে০১-এর তথ্য অনুযায়ী, চীনের রাজধানী বেইজিং, চেংদু এবং ফুঝৌ শহরের রাস্তায়ও এই ধরনের ‘রোবট ভিক্ষুক’ দেখা যাচ্ছে। প্রযুক্তির এই যুগে ডিজিটাল পেমেন্ট কোড নিয়ে রোবটের ভিক্ষা করার এই দৃশ্য একদিকে যেমন বিনোদন দিচ্ছে, তেমনই ভবিষ্যতের এক অদ্ভুত পৃথিবীর ইঙ্গিতও দিচ্ছে।।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রামপুরার মর্মান্তিক ঘটনা: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড