Published : 09 Jul 2026, 05:11 AM
বগুড়া শহরে এক কুকুরের ওপর নৃশংস হামলা এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই নৃশংসতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং অভিযুক্তকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, আহত প্রাণীটির বর্তমানে নিবিড় পরিচর্যা চলছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বগুড়া মহানগরের কানুছগাড়ি ইনডিপেনডেন্ট হাসপাতাল এলাকার কাছে আসবাব ব্যবসায়ী মো. স্বপন সাদা-কালো রঙের একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করেন। অভিযোগ, এরপর ওই আহত কুকুরটিকে নর্দমায় ফেলে দেওয়া হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রাণীর প্রতি এই নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বগুড়ার পুলিশ সুপার সায়েম মাহমুদকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাত আটটার দিকে বগুড়া সদর থানায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর অভিযুক্ত মো. স্বপনকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে মাঠে নামানো হয়। দিবাগত রাত বারোটার দিকে ডিবি পুলিশ অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় অভিযুক্ত স্বপন ডিবি পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং তার কাছ থেকে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়। পুলিশ সুপার সায়েম মাহমুদ জানান, প্রাণীর প্রতি এই ধরনের হিংস্রতা আইনের চোখে অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনার সময় প্রাণীর অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা রক্তাক্ত অবস্থায় কুকুরটিকে একটি বেসরকারি পশু পরামর্শ কেন্দ্রে নিয়ে আসেন, যেখানে কুকুরটির জ্ঞান ছিল না।
সেখানে উপস্থিত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান, ভেটেরিনারি সার্জন লুৎফর রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল দ্রুত অস্ত্রোপচারসহ জরুরি চিকিৎসা প্রদান করেন। কুকুরটির মেরুদণ্ডের একাধিক স্থানে গভীর আঘাত এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। গতকালই অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান ড্রেসিং ও সেলাই করা হয়। বর্তমানে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি টিমের তত্ত্বাবধানে আহত প্রাণীটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে এবং তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।।
সরকারি উৎসবে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার এখন সম্পূর্ণ নিষিদ্ধ: নতুন নির্দেশিকা জারি