Published : 09 Jul 2026, 07:09 AM
দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই উদ্যোগের জন্য বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা দিয়েছে।
কোম্পানিগুলো যে ধরনের শিল্প স্থাপনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা এখন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। হাসান শিপলু আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন এবং অপ্রয়োজনীয় বিলম্ব এড়িয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প ও পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্প বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
অর্থ মন্ত্রকের নতুন নির্দেশ: সরকারি অর্থ ব্যয়ে গাড়ি কেনা ও বিদেশ সফর আপাতত স্থগিত