Published : 09 Jul 2026, 07:15 AM
আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছাবার্তায় দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে, ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। গতকাল শনিবার ট্রাম্পকে প্রেরিত এই বার্তাটিতে তিনি এই ভাবনা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকান জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, আমেরিকার এই ঐতিহাসিক মাইলফলক কেবল দেশটির জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস।
'আমেরিকা ২৫০' উদযাপনের মাধ্যমে আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য এবং বিশ্ব দরবারে আমেরিকার অবদান নতুন করে সামনে এসেছে। শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আরও জানান যে, গত পাঁচ দশকে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আমাদের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় এক গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী হিসেবে পাশে ছিল। তারেক রহমান আরও যোগ করেন, বর্তমানে আমরা সম্পর্কের এক নতুন দিগন্তে প্রবেশ করেছি। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন ও উদারতার জন্য বাংলাদেশ গভীরভাবে কৃতজ্ঞ।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর ও শক্তিশালী হবে। এর জন্য বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সবশেষে, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।।
কক্সবাজারে প্যারাসেইলিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা: দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু, অবৈধভাবে চলছিল খেলা