Published : 11 Jul 2026, 11:13 AM
গত মাসে ভেনেজুয়েলাকে আঘাত হানা ভয়াবহ দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করে জানান, গত ২৪ জুন পরপর আঘাত হানা এই দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪,১১৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১৬,৭৪০ জন আহত হয়েছেন। উপকূলীয় লা গুয়াইরার বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও, এখনও আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রথম ভূমিকম্পের মাত্র পঁচাত্তর সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন আঘাত হানে।
এক শতাব্দীর মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে তীব্র ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছে, যার ফলে বহুতল আবাসিক ভবনগুলো মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। প্রায় বিশ ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী দলগুলো আর কোনো জীবিত মানুষকে খুঁজে বের করার আশা ছেড়ে দিয়েছে এবং তাদের অভিযান বন্ধ করে দিয়েছে। তবে, অনেক পরিবার এখনও তাদের প্রিয়জনদের মরদেহ খুঁজে বের করে মর্যাদাপূর্ণভাবে সৎকার করার জন্য ধ্বংসস্তূপের তল্লাশি চালাচ্ছে। গত শুক্রবার কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক ভবন খালি করে দেওয়া হয়। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে দেশটির পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ গত বুধবার ভেনেজুয়েলার ভূমিকম্প পরবর্তী ত্রাণ কাজে জরুরি ভিত্তিতে প্রায় ৩০ কোটি ডলার আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই পুনরুদ্ধার কাজে অর্থ ব্যয় করার জন্য বিদেশে আটকে থাকা দেশের সম্পদ মুক্ত করার আবেদন জানিয়েছেন। রদ্রিগেজ বুধবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে আবেদন করেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন সোনা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।।
সাতশো বছরের ইতিহাসে দ্বিতীয়বার: শাহজালাল মাজারের দানবাক্সের অর্থ প্রকাশ্যে গণনা