Published : 17 Jul 2026, 02:12 AM
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কূটনীতিকদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা সভাটি সম্পন্ন হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন।
এই আলোচনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও অংশ নেন। আলোচনার মূল ফোকাস ছিল বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার উপায়। বিশেষত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা ব্যবস্থা, বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই বৈঠকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ককে আরও মজবুত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। অন্যদিকে, ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও প্রসারিত করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।।