Published : 26 Jul 2026, 09:12 PM
শনিবার ফরাসি ক্লাব মেৎজ এবং নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের একটি প্রীতি ম্যাচে পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক নারী রেফারি গুরুতর আঘাত পান। খেলোয়াড়দের মধ্যে তীব্র সংঘর্ষ থামাতে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হন। ঘটনাটি ঘটে ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে। নতুন মৌসুমের প্রস্তুতি পর্বের অংশ হিসেবে মুখোমুখি হওয়া এই ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায় যখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রেফারি দেমোঁসে এগিয়ে যান, কিন্তু খেলোয়াড়দের ধাক্কাধাক্কির কবলে পড়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়। এই সময় মাঠের এক কোণে লেখা ছিল—‘রেফারিকে সম্মান করুন’। সংঘর্ষের পর দেমোঁসে কিছুক্ষণের জন্য মাটিতেই ছিলেন। শারীরিক অবস্থা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সহকারী রেফারি, নিরাপত্তা কর্মী ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় তিনি মস্তিষ্কের আঘাতজনিত সমস্যায় (কনকাশন) আক্রান্ত হন।
ম্যাচটি ৩-১ গোলে হেরে গেলেও ফরচুনা সিতার্দ তাদের প্রতিবেদনে এই ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে, তবে বিশেষ কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজ তাদের প্রতিবেদনে এই ঘটনার কোনো উল্লেখই করেনি। ঘটনাটি ঘটে ম্যাচের ৪০তম মিনিটে, জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হওয়া এই বিশৃঙ্খলা দ্রুত পরিস্থিতি আরও জটিল করে তোলে।।
ব্রেক ফেল! নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের ভেতরে প্রবেশ করল বাস, এক পথচারীর প্রাণহানি