Published : 01 Aug 2026, 01:11 AM
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দৃঢ়ভাবে বলেছেন যে, বাংলাদেশ পুলিশও খেলাধুলার ময়দানে নিজেদের সাফল্যের ছাপ রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলায় পুলিশের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। এই ঐতিহ্যকে আরও সমুন্নত করতে পুলিশ বদ্ধপরিকর। শুক্রবার বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। আলী হোসেন ফকির আরও বলেন, পুলিশিংয়ের মতো কঠিন দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে তার কর্মজীবনে আরও বেশি উদ্যমী ও সক্ষম করে তোলে।
আইজিপি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তিনি পরামর্শ দেন যে, নিষ্ঠা ও নিরন্তর অনুশীলনের মাধ্যমেই নিজেদের সেরা ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এদিন সিলেট রেঞ্জ ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় দল অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্য ম্যাচ ও আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত হন। আইজিপি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এর আগে, আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় পিওএইচএস গ্রিন মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মার্টটি নির্মাণ কাজ চলছে।।
পদ্মা নদীতে স্পিডবোটে ভয়ঙ্কর হামলা; এক যুবক প্রাণ হারাল, এলাকায় উত্তেজনা