Published : 04 Aug 2026, 01:16 AM
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা, মনগড়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এই অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু ব্যক্তি পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। নতুন কর্মস্থলে যোগদানের পরপরই এসব কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যেখানে কোনো যাচাই-বাছাই করা হয়নি।
পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি করছে এবং তাদের পেশাদার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সংগঠনটি স্পষ্ট করে দিয়েছে যে, যদি কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকে, তবে প্রচলিত আইন মেনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধুমাত্র বিগত সরকারের সময়ে চাকরি করার অজুহাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার একেবারেই গ্রহণযোগ্য নয়। এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের বিতর্কিত করা। এর মাধ্যমে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে দুর্বল করা, জনমনে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে।
এই পরিস্থিতিতে, পুলিশ বাহিনীর মনোবল নষ্ট করে এবং পেশাদার কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সাথে, তারা পেশাদারিত্ব বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।।