Published : 17 Aug 2026, 06:16 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। এই আমন্ত্রণ বাংলাদেশের এবং সৌদি আরবের সুদীর্ঘ বিদ্যমান সম্পর্ককে আরও মজবুত করার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ঐতিহাসিকভাবে ধর্মীয় বন্ধন ও জনসম্পৃক্ততার ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ক এখন বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসেও সৌদি আরব বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল। স্বাধীনতার পর স্বীকৃতি প্রদানে কিছুটা বিলম্ব হলেও ১৯৭৫ সালে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং পরবর্তীকালে হজ, ধর্মীয় যোগাযোগ ও জনশক্তি রপ্তানির মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। বর্তমানে সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার।
সেখানে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার আয়ের একটি প্রধান উৎস। একই সাথে, সৌদি আরব বাংলাদেশের প্রধান হজ গন্তব্য হওয়ায় ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগ অত্যন্ত শক্তিশালী। ফলস্বরূপ, রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।।
মানদণ্ড অমানত করায় আরামকোরের এলএনজি চালান প্রত্যাখ্যান করল পেট্রোবাংলা, বিকল্প কার্গোর ব্যবস্থা