Published : 08 Feb 2026, 06:06 PM
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন রবিবার (৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে জানান, ডিপি ওয়ার্ল্ড খসড়া চুক্তি পর্যালোচনার জন্য সময় চেয়ে চিঠি পাঠিয়েছে। এর ফলে এই সরকারের মেয়াদেই চুক্তিটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড আলোচনার অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে, তবে বিস্তারিত পর্যালোচনার জন্য তাদের আরও সময় প্রয়োজন। সম্ভবত নতুন সরকার এই বিষয়টি নিয়ে অগ্রসর হবে। চৌধুরী আশিক বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আমাদের জানিয়েছে তারা খসড়া চুক্তি গ্রহণ করেছে এবং গভীরভাবে পর্যালোচনা করবে। হাতে খুব বেশি সময় নেই, তাই বাস্তবতার নিরিখে এটি পরবর্তী সরকারের দিকে গড়াতে পারে।’ চট্টগ্রাম বন্দর প্রকল্পে পিপিপি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে বিডা চেয়ারম্যান বলেন, এটি কোনো বাণিজ্যিক অংশীদারিত্ব নয়।
পিপিপি অথরিটি কেবল আলোচনার প্রক্রিয়া সহজতর করে। তিনি ব্যাখ্যা করেন, জি-টু-জি আলোচনার ক্ষেত্রে প্রথমে দুই দেশের সরকার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এরপর সংশ্লিষ্ট সরকারি সংস্থা—যেমন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ—এবং অন্য দেশের মনোনীত কোম্পানির মধ্যে প্রকল্প-নির্দিষ্ট পিপিপি আলোচনা শুরু হয়। পিপিপি অথরিটি সেখানে সহায়তাকারীর ভূমিকা পালন করে। চৌধুরী আশিক বিন হারুন আরও জানান, ডিপি ওয়ার্ল্ড একটি সরকারি প্রতিষ্ঠান এবং আলোচনার প্রতিটি পর্যায়ে সরকারিভাবে সমন্বয় করা হচ্ছে। বিডা চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল প্রকল্প নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা ২০১৯ সালে শুরু হয়। তবে গত এক মাসে আলোচনাটি চূড়ান্ত এবং নিবিড় পর্যায়ে পৌঁছেছিল। তিনি বলেন, গত মাসে সরকারের বিভিন্ন স্তরে খুব কাছ থেকে আলোচনা হয়েছে।
তবে এত বড় একটি চুক্তি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। ডিপি ওয়ার্ল্ড চিঠিতে ভবিষ্যতে আলোচনা ‘সঠিক পথে’ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে উল্লেখ করে চৌধুরী আশিক বলেন, এই সরকারের সময় চুক্তি না হলেও আলোচনা থেমে থাকবে না। তিনি বলেন, ‘আলোচনা অব্যাহত থাকবে। সম্ভবত নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার এটি এগিয়ে নেবে।’ উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত বন্দর অবকাঠামো প্রকল্প। বিদেশি অপারেটর নিয়োগের এই বিষয়টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও নীতিগত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।।
রাজস্ব ব্যবস্থাকে জনবান্ধব ও বিস্তৃত করার ডাক প্রধানমন্ত্রীর: আস্থা ও আধুনিকতার পথে যাত্রা