Published : 17 Feb 2026, 05:05 PM
চাঁদপুরের মতলব উত্তরের এখলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের নেতা মফিজুল ইসলাম ঢালীর বাড়িতে গভীর রাতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, তাঁর বাড়ির উঠোনে পাওয়া গেছে কাফনের কাপড় এবং একটি হাতে লেখা চিরকুট, যেখানে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত এগারোটার দিকে এখলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান জীবনের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী, যিনি মুন্না ঢালী নামেও পরিচিত, তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁরা জেগে ওঠেন এবং বাড়ির উঠানে বিস্ফোরণের চিহ্ন ও ধোঁয়া দেখতে পান।
সেখানে একটি ঝুড়িতে রাখা ছিল কাফনের কাপড়, গোলাপজল, আতর ও আগরবাতি। পাশাপাশি ছিল একটি চিরকুট, যাতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পরপরই ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। মফিজুল ইসলাম ঢালী মনে করছেন, পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক প্রতিপক্ষ এই কাজ করেছে। তবে, তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি এবং কাফনের কাপড়—সব মিলিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। আলামতগুলো সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। জিডি করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল নয়, সম্ভবত চকলেট বোমা বা আতশবাজির বিস্ফোরণ ঘটেছে।।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ