Published : 03 Mar 2026, 03:07 AM
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে সোমবার বিকেলে এই কর্মসূচিতে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতে এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল পুরাতন পল্টন এলাকায় প্রদক্ষিণ করে। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রেরিত এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) নেতা রাশেদ শাহরিয়ার, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তাঁরা বলেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক ও শাসন ব্যবস্থা নির্ধারণের অধিকার সেই দেশের জনগণের হাতেই ন্যস্ত থাকা উচিত। অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারের কাছে আন্তর্জাতিক অঙ্গনে একটি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুদ্ধ বন্ধ এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এদিকে, গণসংহতি আন্দোলন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের হত্যা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার ঘটনায় তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। এই ধরনের হামলা ইরানের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আন্তর্জাতিক শান্তি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলশ্রুতিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গণসংহতি আন্দোলন অবিলম্বে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।।
বন্যার্ত দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' সাময়িক বিরতি; নতুন সূচি ঘোষণা