Published : 04 Apr 2026, 05:05 PM
ক্ষমতাসীন জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তবে তিনি দলটির রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে থাকবেন। গণসংহতির নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দলের প্রবীণ কৃষকনেতা দেওয়ান আবদুর রশিদ (নীলু)কে নিযুক্ত করা হয়েছে। আজ শনিবার রাজধানীর হাতিরপুলে এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দলীয় প্রধানের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নীতিগতভাবে সঙ্গতিপূর্ণ নয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকিও বক্তব্য রাখেন। তিনি জানান, প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়ালেও তিনি গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন। এই সম্মেলনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ, মনির উদ্দীন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, দীপক কুমার রায়, তরিকুল সুজন, জাহিদ সুজন, বেনু আক্তার, তাহসিন মাহমুদ, আবু রায়হান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলন ২০০২ সালের ২৯শে আগস্ট বেশ কয়েকটি গণসংগঠনের সমন্বয়ে একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৫ সালে তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বৃহত্তর জনমত গঠনের লক্ষ্য নিয়ে দলটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়, যেখানে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে জয়লাভ করেন জোনায়েদ সাকি এবং পরবর্তীতে তিনি বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পান।।
ধানমন্ডির পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার: মাদকাসক্তির শিকার কি এই যুবক?