Published : 15 May 2026, 01:06 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগ এবং বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘প্রথম বৌদ্ধ ঐতিহ্য মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শান্টু বড়ুয়ার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টিএসসি মাঠে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়।
এরপর মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতি ও ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ভূমি। বৌদ্ধ সংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্য, যা সমাজে নৈতিকতা, সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখে। তিনি আশা করেন, এই উৎসব শিক্ষার্থীদের বৌদ্ধ দর্শন ও সাহিত্য সম্পর্কে আগ্রহী করে তুলবে। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি জাতির দর্পণ। শিক্ষা ও সংস্কৃতির সম্মিলিত বিকাশ ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।
বৌদ্ধ ঐতিহ্যের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সরকার এই অঞ্চলের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বৌদ্ধধর্ম মূলত মানবতা ও সহানুভূতির শিক্ষা দেয়। গৌতম বুদ্ধের জ্ঞানার্জন আজও মানবজাতির জন্য অনুসরণীয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক অধ্যাপক বেলু রানী বড়ুয়া, বিশ্বব্যাংকের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা এবং সংস্কৃতি সংগঠক স্বপন এক্কাও বক্তব্য রাখেন। দিনব্যাপী এই উৎসবে বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।।