Published : 22 May 2026, 05:40 AM
ফেসবুকে ছবি বিকৃত করে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম শাখার একজন প্রাক্তন নেতা। বুধবার চট্টগ্রামের সাইবার আদালতে মামলাটি দায়ের করেন এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক শত্রুতা ও ব্যক্তিগত বিদ্বেষের কারণে গত ১৪ মে সন্ধ্যা থেকে ১৫ মে রাত পর্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুজ্জাতুল ইসলামের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে, তাঁর বিরুদ্ধে মিথ্যা অডিও ক্লিপ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, তাঁকে ‘গোপন ছাত্রলীগ কর্মী’ হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয় করা এবং বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে ভয় দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদী জানান, গত ১৬ মে কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের কাছে তিনি বিকৃত ছবি ও অডিও অপসারণের জন্য সংশ্লিষ্ট ফেসবুক আইডির পরিচয় শনাক্তকরণ এবং ট্র্যাকিংয়ের আবেদন জানিয়েছেন। মামলার বাদী হুজ্জাতুল ইসলাম বলেন, ‘ই-মেইল হাসান নামের একটি ফেসবুক আইডি ও একটি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে এনসিপির কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি সুনির্দিষ্টভাবে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছি। আদালত ই-মেইল হাসান আইডির ব্যবহারকারীর পরিচয় জানতে এবং জড়িতদের খুঁজে বের করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে।’ হুজ্জাতুল ইসলাম আরও বলেন, ‘আমি চাই, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হোক।
’ তিনি জানান, কিছুদিন আগে তিনি পদত্যাগ করলেও এখনো দাপ্তরিকভাবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। এনসিপি চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘তিনি নিজেকে পদত্যাগী বলছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি চট্টগ্রাম এনসিপির কোনো কার্যক্রমে অংশ নেন না। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি অবগত এবং তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’।
কৃষি ও প্রকৃতির সুরক্ষায় পদ্মা-তিস্তা ব্যারেজ: সরকার নিচ্ছে যুগান্তকারী পদক্ষেপ