Published : 27 May 2026, 02:12 PM
সাতক্ষীরা সীমান্তে আন্তর্জাতিক আইন ও বিধি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কথিত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা চালাচ্ছে। কাকডাঙা সীমান্তের বিপরীতে ভারতীয় হাকিমপুর সীমান্তে এই ঘটনা ঘটছে। তবে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দৃঢ়ভাবে জানিয়েছে, এই ধরনের অবৈধ অনুপ্রবেশ তারা প্রতিহত করবে। ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, “আমরা সীমান্ত জুড়ে রাতভর কঠোর টহল জোরদার করেছি।” তিনি আরও বলেন, “বিএসএফের এই ধরনের অপতৎপরতা রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
আমাদের সতর্ক অবস্থানের কারণে তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমরা ধারণা করছি, তারা সীমান্তের বিভিন্ন পথ দিয়ে এই ধরনের চেষ্টা চালাতে পারে। আমরা সেই বিষয়েও সতর্ক রয়েছি এবং কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটতে দেব না।” ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্তে বর্তমানে প্রায় ১৮০ জন ব্যক্তিকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এদের মধ্যে অনেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে দাবি করা হয়েছে।
কাকডাঙা সীমান্তটি বাংলাদেশের কলারোয়া উপজেলার অন্তর্ভুক্ত। পুরো সীমান্ত এলাকায় বিজিবি টহল এবং নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।।
সাগরের বুকে ঈদ: হরমুজে আটকে পড়া ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের বিশেষ নামাজ আদায়