Published : 09 Jun 2026, 08:01 PM
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্টার্টআপ, নারী এবং তরুণ উদ্যোক্তাদের উন্নয়নের জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, তা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এই তথ্য প্রদান করেন। তিনি জানান, যুব সমাজকে আত্মনির্ভরশীল করে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এই লক্ষ্য পূরণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম বর্তমানে চালু রয়েছে। এছাড়াও, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে 'স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড' এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের সাহায্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। বাজেট বরাদ্দের তুলনামূলক চিত্র তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে 'স্টার্টআপ তহবিল'-এ ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ দ্বিগুণ করে মোট ৪০০ কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ চলমান সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।।
টাকা পাচার রুখতে 'বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার' তৈরির উদ্যোগ: অর্থমন্ত্রীর ঘোষণা