Published : 15 Jul 2026, 08:12 PM
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্বের দাবি থেকে সরে এসে নতুন ছয় দফা দাবি পেশ করেছে। এই নতুন দাবিগুলো নিয়ে আলোচনা ফলপ্রসূ করতে শিক্ষার্থীরা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সচিবালয়ে প্রবেশ করে। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা লংমার্চের মাধ্যমে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এরপর বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যায়। শিক্ষার্থীদের নতুন ছয় দফা দাবির মধ্যে রয়েছে— পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারীদের সুযোগ নিশ্চিত করা, পুনঃপরীক্ষা এবং পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নম্বরের মধ্যে যেটি সর্বোচ্চ তা চূড়ান্ত হিসেবে গণ্য করা, ভুল প্রশ্নে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা, মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার সময়সূচি নির্ধারণ করা, প্রশ্নপত্রের ধরনে আকস্মিক পরিবর্তনের বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনা করা এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আচরণ শিক্ষার্থীবান্ধব করা। শিক্ষা ভবনের সামনে থেকে আন্দোলনকারীরা সরে যাওয়ার পর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রব্বানী হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যাওয়ার পর সড়ক খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী উল্লেখ করেন, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা থাকায় আপাতত কর্মসূচি সমাপ্ত করা হয়েছে। তবে তাদের ছয় দফা দাবি বহাল থাকবে। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে রাজপথে নেমেলেও সচিবালয়ে আলোচনার জন্য পাঠানো প্রতিনিধিদলের তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।।
বাজেট অধিবেশন সমাপ্ত: ২৬ দিনের আলোচনায় ১০টি সরকারি বিল অনুমোদিত