Published : 04 Oct 2025, 04:05 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত এবং ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা কর্মকর্তারা। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই অবরোধ শুরু হয়, যার ফলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চালক ও যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার কিছু আগে চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তারা ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর তারা মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামমুখী লেনটিও বন্ধ করে দেন। ফলে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের সাথে আলোচনা করে। বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীরা ব্যাংক কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণের আল্টিমেটাম দিয়েছেন। বিক্ষোভকারীরা ‘আমরা ন্যায়বিচার চাই’, ‘সোনার বাংলায় বৈষম্য মানি না’ – এমন স্লোগান দিতে দিতে সাতটি সুনির্দিষ্ট দাবি জানান। অবরোধকারীদের অভিযোগ, ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চট্টগ্রাম অঞ্চলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও ৪ হাজার ৭০০ কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে বসিয়ে রাখা হয়েছে।
এর ফলে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, “আমরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে অবরোধকারীদের দাবিগুলো পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছি। এরপর তারা সড়ক থেকে সরে যান। অবরোধ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”।