Published : 07 May 2026, 10:04 PM
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, “ঈদের সময় জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, পশুর হাটগুলোর আশেপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে। একইসাথে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা আরও বাড়াতে হবে।
তিনি ফুট পেট্রোলিং জোরদার এবং থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর নির্দেশ দেন। ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় থানা এলাকায় যেন কোনো অপরাধ ঘটতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।” সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম জানান, বর্তমানে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে এবং এটি ধরে রাখতে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য চলমান বিশেষ অভিযান চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এপ্রিল মাসের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানের ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন।।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণা: দেশীয় স্বার্থে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনে সুযোগ