Published : 13 Apr 2026, 03:07 PM
শিক্ষা গ্রহণকারী তরুণ প্রজন্মকে সনাতনী ডিগ্রির মোহ থেকে মুক্তি দিয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনে উৎসাহিত করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়। গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ‘দক্ষতাই ভবিষ্যৎ’ এই মূলমন্ত্রকে ধারণ করে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘একটি দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের তরুণদের শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। এই সামিট তরুণদের মধ্যে কর্মমুখী মানসিকতা তৈরিতে সহায়ক হবে।’ উদ্ভাবনী প্রদর্শনী: সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করে।
বিশ্ব প্রেক্ষাপটে আলোচনা: বিশ্বব্যাংকের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার এক বিশেষ সেশনে বিশ্ব শ্রমবাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশি তরুণদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করেন। শিল্প ও শিক্ষাখাতের মেলবন্ধন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা পাঠ্যক্রমের সাথে শিল্পের চাহিদা সমন্বয়ের ওপর জোর দেন। মো. সবুর খান বলেন, ‘চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে দক্ষ জনসম্পদ হিসেবে নিজেদের বিশ্ব মঞ্চে তুলে ধরতে পারাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ড্যাফোডিল পরিবার সবসময় তরুণদের এই পরিবর্তনে সহযোগিতা করছে।’ ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তাঁর মূল প্রবন্ধে তরুণদের সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘আজকের এই সামিট প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্ম দক্ষতা অর্জনে আগ্রহী।
তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হতে পারবে।’ দিপ্তী, বিএসডিআই, স্কিল ডট জবস এবং ড্যাফোডিল জাপান আইটিসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় এই সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট নেতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ইস্তফা দিলেন সাইফুদ্দীন আহমদ