Published : 11 May 2026, 04:05 AM
যশোরে অবৈধ স্থাপনা নির্মূলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এক জোরালো অভিযান চালিয়েছে। রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এই অভিযানে আওয়ামীলীগ এর দুটি স্থানীয় কার্যালয়সহ একশোর বেশি অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সোমবার দ্বিতীয় দফায় এই অভিযান চলবে। অভিযানটি শুরু হয় শহরের বাবলাতলা এলাকায়, যেখানে সরকারি জমির উপর নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। এরপর উচ্ছেদকারী দল গাবতলা মোড়ে গিয়ে রাস্তার পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে দেয়। বি-ব্লক বাজারের কাছে রাস্তার পাশে অবস্থিত আওয়ামীলীগ এর একটি স্থানীয় কার্যালয়ও এই অভিযানের শিকার হয়।
এছাড়াও, সি-ব্লক এলাকায় সরকারি জমির উপর গড়ে ওঠা দুটি বাড়ি ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে, উপশহর পার্কের সামনে থাকা আওয়ামীলীগ এর আরেকটি স্থানীয় কার্যালয় এবং তার পাশের একটি মুদি দোকানও উচ্ছেদ করা হয়। পার্কের লাগোয়া আমতলা বস্তিতে চালানো অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। বস্তির ভেতরে থাকা দুটি ভিক্সল কারখানাও ভেঙে ফেলা হয়। অভিযানটি নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি বলেন, “বারবার মাইকিং ও নোটিশ দেওয়ার পরেও অবৈধ দখলদাররা জায়গা ছেড়ে যাননি।
নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন। তাই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালাতে হলো।” তিনি আরও জানান, দুই দিনের এই অভিযানে প্রায় পাঁচ একর সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হবে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। সরকারি জমি উদ্ধারের জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি উল্লেখ করেন। এসময় গৃহায়ন কর্তৃপক্ষের যশোরের প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিন, উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব ও উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
পদোন্নতি নিয়ে অচলাবস্থা: বরিশালে উপাচার্যকে ‘অস্বীকৃত’ ঘোষণা, বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কর্মবিরতি